
সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দুই সপ্তাহ পর সৌদি আরবের রাজধানীতে বিমানের ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
.
এদিকে দাম্মাম রুটে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবার বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
.
অন্যদিকে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
.
এ মাসের প্রথম দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান। এরপর দেশটির দাম্মামের ফ্লাইট বাতিল করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.