
'মাদকমুক্ত যুবসমাজ, কুঁড়েঘরের অঙ্গীকার'—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন-২০২৬। মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে কুঁড়েঘর ফাউন্ডেশন। চার কিলোমিটারের এ ম্যারাথনে অংশ নেন ৫০ জন প্রতিযোগী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মওলানা ভাসানী তিস্তা সেতুর দক্ষিণ পাশে চারমাথা এলাকা থেকে ম্যারাথন শুরু হয়। সেখান থেকে প্রতিযোগীরা দৌড়ে সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার চারমাথায় ফিরে আসেন। নির্ধারিত পথ পাড়ি দিয়ে ম্যারাথন সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা। এ সময় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সুস্থ জীবনচর্চার বার্তা তুলে ধরেন আয়োজক ও প্রতিযোগীরা।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য ইভেন্ট জার্সি, খাবার ও পানীয়, সনদপত্র এবং ফিনিশার মেডেলের ব্যবস্থা করা হয়। আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, দ্য বেস্ট টিচিং একাডেমির পরিচালক ইউশা আহমেদ তালহা, কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আসিফ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পলাশ, ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কুঁড়েঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পলাশ বলেন, 'মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.