
কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক। গতকাল সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।
পোষা বিড়ালটির মালিকের নাম শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী।
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে যত্নে লালন-পালন করছেন তিনি। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর পিছু যায়। এ সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তাঁর বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শামশুল আলম বলেন, ‘বিড়ালগুলো আমার সন্তানের চেয়েও বেশি। অনেক আদর-যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’
অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.