
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মহল্লার মৃত হেকমত উল্লাহর ছেলে মো. টুটুল সরকার (৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. এনামুল হক (৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০)।
পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাটবাজার আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটগুদামে অভিযান চালান। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মো. মসলিম আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে পাতু (৩৫) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, 'গ্রেফতারকৃত তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।'
তিনি আরও বলেন, 'জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.