
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। দণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হলো না, সেটিও জানতে চাওয়া হয়েছে। বিদেশে কোনো দেশের নাগরিকের বিচার ও শাস্তি কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশকে জানানোর বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলা এই বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি গত সপ্তাহে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এসেছে।
এই বৈঠকের বিষয়টি আজ সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন মো. নজরুল ইসলাম। তবে আলোচনার বিস্তারিত তিনি জানাতে চাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, বৈঠকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে জানতে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের সচিব বিষয়টি নিয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যে যোগাযোগ করেছিলেন, আজকের আলোচনা তারই ধারাবাহিকতা।
কর্মকর্তারা জানান, আলোচনা শেষে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত জানবেন। এরপর বিষয়টি বাংলাদেশকে অবহিত করবেন।
একই কূটনৈতিকপত্র গত বৃহস্পতিবার জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তর থেকে সেখানকার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল। আজ সকালে জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তর থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তার দপ্তরে আলোচনার জন্য আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে।
জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেলের দপ্তরের একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, দু–এক দিনের মধ্যে সৌদি কর্তৃপক্ষের ওই জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম খবর প্রচার করে, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। খবর প্রকাশের পর ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.