
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নসহ দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল।
শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ অভিনন্দন জানান।
আব্দুল জব্বার দুলাল বেলকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার রহমানের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
শুভেচ্ছাবার্তায় আব্দুল জব্বার দুলাল বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল আর উৎসবের আনন্দঘন পরিবেশে দেবী দুর্গার আগমন মানুষের মনে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগিয়ে তোলে। দুর্গোৎসবের মূল শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও ন্যায়ের প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সবার মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করে।
বিএনপি নেতা দুলাল বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেক মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।’
তিনি বলেন, উৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।
শুভেচ্ছাবার্তায় আব্দুল জব্বার দুলাল শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বেলকা ইউনিয়নসহ দেশের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক, সেই প্রত্যাশা জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.