
ভারতের সংগীতশিল্পী হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। দিল্লির এক কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে গতকাল শুক্রবার তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হন ৪৩ বছর বয়সী এই গায়ক। এর আগে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। চতুর্থবার তলবের পর তাঁর বক্তব্য রেকর্ড করা হয়।
২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির ওই কনসার্টে হানি সিংয়ের কথিত অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
তলব এড়ানো নিয়ে পুলিশের সতর্কতাভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগে তিনবার তলব করা হলেও বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজির হননি হানি সিং। সর্বশেষ ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি ২২ অক্টোবর হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন। তবে পুলিশ সেই আবেদন নাকচ করে দেয়। হাজির না হলে তাঁর বিরুদ্ধে দেশত্যাগে বাধা দেওয়ার সতর্কতামূলক নোটিশ জারির প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই হাজির হন গায়ক। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাব না দিয়েই চলে যান তিনি।
ক্ষমা চেয়েছিলেন হানি সিংভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে হানি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে—এমন ব্যাখ্যা দেন তিনি। নিজের বক্তব্য প্রকাশের ধরন যে যথাযথ ছিল না, তা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেও জানান এই গায়ক।
পুরোনো গান নিয়েও আদালতের নির্দেশচলতি বছরের এপ্রিলে হানি সিং ও বাদশাহর সঙ্গে সংশ্লিষ্ট পুরোনো গান ‘ভলিউম ওয়ান’ নিয়েও আইনি জটিলতা তৈরি হয়। ২ এপ্রিল দিল্লি হাইকোর্ট গানটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ও ফাইল আদান–প্রদানের বিভিন্ন মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন। আদালত গানটির কথাকে অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন। শিল্পীর স্বাধীনতা বা মতপ্রকাশের অধিকারের দোহাই দিয়ে এ ধরনের বিষয়কে গ্রহণযোগ্য করা যায় না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
গানটি নিয়ে বিতর্কের সূত্রপাত আরও আগে। ২০২৫ সালের মার্চে দিল্লির একটি কনসার্টে গানটির কিছু অংশ পরিবেশনের অভিযোগ তুলে আদালতে আবেদন করা হয়েছিল। মে মাসে এ বিষয়ে হানি সিংয়ের কাছে হলফনামাও চেয়েছিলেন আদালত।‘ব্রাউন রং’, ‘লুঙ্গি ড্যান্স’ ও ‘দেশি কালাকার’–এর মতো গানের জন্য পরিচিত হানি সিং এক দশকের বেশি সময় ধরে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। তবে সাম্প্রতিক অভিযোগ ও আইনি পদক্ষেপের কারণে তাঁর গান ও প্রকাশ্য বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কনসার্টের মন্তব্য নিয়ে পুলিশের তদন্ত এখনো চলছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.