
দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আটক জাকিরুল ইসলাম (৩৯) ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে একটি দল ওই বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যান। এ সময় জাকিরুলকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশি করে জাকিরুলের লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়। বিক্রির জন্য তিনি এসব ইয়াবা নিজের কাছে রেখেছিলেন বলে পুলিশের দাবি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ জাকিরুল ইসলামকে আটক করার পর তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.