
গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২১) নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলম মিয়ার ছেলে সৈকত হাসান (২৮) এবং উল্লাসোনাতলা গ্রামের বাদল মিয়ার ছেলে মুস্তাকিম বিল্লাহ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ শনিবার (১০ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জে তার বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বোনারপাড়া এলাকায় তার সঙ্গে বোনজামাইয়ের পূর্বপরিচিত সৈকতের দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সৈকত তাকে একটি ভ্যানে তোলেন।
অভিযোগ অনুযায়ী, বাড়ি পৌঁছে না দিয়ে সৈকত ও মুস্তাকিম তাকে হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ১০টার দিকে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেন।
পুলিশ জানায়, এ ঘটনায় সাঘাটা থানায় ধর্ষণের মামলা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, 'ঘটনার পর দুই অভিযুক্তকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.