
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে আজ সোমবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক কর্মসূচি। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা (আইএসপি) খাতের কাজ, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। অতিথি হিসেবে ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শারমিন জামান এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইশরাত জাহান।
ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান বলেন, শিল্পপ্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তব আইএসপি কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষাগত জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ তৈরি হবে। আয়োজক ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের সঙ্গে ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার ও প্রগতি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।
আয়োজকেরা বলেন, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট–ভিত্তিক শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ খাতে শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাগত আচরণও গুরুত্বপূর্ণ। শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের আগেভাগে যুক্ত করতে পারলে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য তাঁদের আরও প্রস্তুত করা সম্ভব হবে।
‘আপনার দক্ষতা—আগামীর প্রবেশপথ’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের শিল্পের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ভবিষ্যৎ পেশা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.