
গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগর এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় অপহরণের প্রধান আসামি মো. টিপু মিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার মো. টিপু মিয়া (২৫), মো. আলী আকবর (৫০), মো. বিপুল মিয়া (২৭) ও মো. বেলাল মিয়া (৩০)। তাদের সবাই একই এলাকার বাসিন্দা।
এসআরবি জানায়, ভুক্তভোগী নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাতায়াতের সময় টিপু মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে তার বাবা টিপুর পরিবারের সঙ্গে কথা বলেন। তবে বিষয়টি সমাধানের পরিবর্তে টিপুর পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করেন বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধার রুপার বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ১৬ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় মামলা করেন। এরপর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩।
এসআরবি-১৩ জানায়, রোববার রাত ২টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ এর একটি দল বারবলদিয়া (নতুন বন্দর) এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি মো. আলী আকবর, মো. বিপুল মিয়া ও মো. বেলাল মিয়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মহানগর এলাকার কাটলা কাচনা (বটলা পাড়া) এলাকায় মো. সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো. টিপু মিয়াকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, উদ্ধার স্কুলছাত্রী ও গ্রেফতার চার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.