
গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড় থেকে একটি মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) মো. আলতাফ হোসেন।
ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জিরো পয়েন্টের পুরাতন জেলখানা মোড়ে নিয়মিত দায়িত্ব পালনের সময় সন্দেহজনক একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। সংকেত পেয়ে কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে চালক দৌড়ে পালিয়ে যায়।
পরে ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মোটরসাইকেলের সিট খুলে কালো পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। পরে ট্যাংকি ও পাশের কভারে রাখা মোট ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন বলেন, 'শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পুরাতন জেলখানা মোড় থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সিসি ফুটেজ দেখে চালককে শনাক্তের চেষ্টা চলছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.