
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।
গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।
বিজিবি ও পুলিশ জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাখাহার ইউনিয়নের দইহারা-জিড়াই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণুমূর্তি। এর ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন প্রায় ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী দুটি মূর্তির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিগুলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়েছে।
এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'বিজিবি গ্রেফতার তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তারা গ্রেফতার তিনজনসহ ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.