
গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ মো. হামিদুল হক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকায় মো. বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় হামিদুল হককে আটক করে তার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।
পরে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাঁজাগুলো কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওয়াবাড়ী মৌজার মো. নয়ন মিয়ার কাছ থেকে কম দামে কিনেছেন বলে জানিয়েছেন। পরে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে এক সহযোগীর সহায়তায় ধাপেরহাট যাচ্ছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'এ ঘটনায় গ্রেফতারকৃত হামিদুল হক ও পলাতক নয়ন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে হামিদুল হককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.