
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জামালপুরের ইসলামপুরে নিখোঁজ মিম আক্তার (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া কিশোরী মিম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সিরাজাবাদ গ্রামের মো. মনিরুল হকের মেয়ে।
এসআরবি জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকা থেকে পায়ে হেঁটে ইসলামপুর বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় মিম। এ ঘটনায় ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরী মিমের পরিবার।
পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা-রংপুর এবং এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামে অভিযান চালায়। পরে স্থানীয় শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে মিমকে উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সমাজের বিভিন্ন অপরাধ প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.