
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ খাজা আল মামুন (৪৭) ও মো. সজিব (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া খাজা আল মামুন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এবং মো. সজিব একই গ্রামের সুরুজ জামালের ছেলে। তারা চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করছিলেন।
এসআরবি জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম লেনে জনৈক আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের এ-৩ ও এ-৪ আসনে থাকা খাজা আল মামুন ও সজিবের দেহ তল্লাশি করে তাদের পরনের প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় রাখা ছিল ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাও জব্দ করা হয়।

এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.