
গাইবান্ধার পলাশবাড়ীতে কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, একই দিন ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বাম পাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচে পূর্ব পাশে খাকি রঙের একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্রটি লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান। এতে ট্রিগার সংযুক্ত রয়েছে। অস্ত্রটির ব্যারেলের দৈর্ঘ্য চার ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য তিন ইঞ্চি।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি জিডিমূলে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.