
বিশ্ব ইসলামী মহাসম্মেলন-২০২৭ ও পবিত্র ওরস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তাপাড় থেকে 'বিশ্ব জাকের মঞ্জিল' ফরিদপুরের উদ্দেশে রওয়ানা করেছে 'আল্লাহু আকবার' পতাকাখচিত একক নজরানা বাঁশের ভেলা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিপুর ঘাট থেকে যাত্রা শুরু হয় এই ভেলার।
এর আগে গত কয়েক মাস ধরে রংপুর বিভাগীয় সহকারী কর্মী প্রধান মো. আবু হোসেন রাব্বু মিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন জাকের ভক্তদের নিকট থেকে দেড় হাজার বাঁশ সংগ্রহ করে তিস্তাপাড়ে জমা করেন কর্মী গ্রুপের সদস্য ও জাকের ভক্তরা। পরে ১ সেপ্টেম্বর থেকে চলে ভেলা তৈরির কাজ। ১৫ দিনের কঠোর পরিশ্রমে সম্পন্ন হয় সেই ভেলা তৈরির কাজ।
বাঁশের এই ভেলা যাতে তিস্তা- ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মা নিরাপদে পাড়ি দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছাতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে সাহায্য কামনায় আয়োজন করা হয় মিলাদ মাহফিল। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্ত ও আশেকান।
এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত অবধি চলে রান্নার কাজ। বিশ টাকার টিকিটে খাওয়া-দাওয়ার পাশাপাশি দিন-রাত চলে ওয়াজ, জিকির ও ধর্মীয় আলোচনা।
দেখা যায়, 'আল্লাহু আকবার’ পতাকাখচিত সুসজ্জিত এই বাঁশের ভেলা দেখতে ভীড় জমিয়েছেন বিভিন্ন বয়সের হাজারো নারী, পুরুষ ও শিশু। সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে তিস্তাপাড়। এ সুযোগে বিভিন্ন খাদ্য পণ্যের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেখে মনে হবে, এ যেন এক 'গ্রাম্য মেলা।'

পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রংপুর বিভাগীয় সহকারী কর্মী প্রধান মো. আবু হোসেন রাব্বু মিয়ার নেতৃত্বে ২০ জন কর্মী ও ৮ জন মাল্লা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘একক নজরানা’ বাঁশের এই ভেলা।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কর্মী প্রধান আশরাফ আলী আকন্দ, উপজেলা সহকারী কর্মী প্রধান ওহিদুল হক প্রামাণিক ও উপজেলা উপদেষ্টা তরিকুল ইসলাম তাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.