
গাইবান্ধা সদর উপজেলায় ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রির পরিমাণে অসঙ্গতির অভিযোগে দুই বিসিআইসি সার ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন।
অভিযানে সার বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান না মানার অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ডিলারের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স আতাউর রহমানকে ৩০ হাজার টাকা এবং মেসার্স সাইদার রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সার বিক্রির সময় যথাযথভাবে ক্যাশমেমো প্রদান না করার পাশাপাশি ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রিত সারের পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ‘সার বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অভিযানে ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোর সঙ্গে প্রকৃত বিক্রির পরিমাণে অসঙ্গতি পাওয়া গেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কৃষকদের কাছে সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.