
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৯টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী গোবিন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. সুজন মাহামুদ (৪০)।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে মুক্তা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে চুরি হয়। ওইদিন রাত ১টা থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় চোরেরা দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার পর দোকান মালিক সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে তৎপর হয়। এর ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট থেকে চুরি যাওয়া ১৮টি মোবাইল উদ্ধার করা হয়। একইসঙ্গে গৌর চন্দ্র বিশ্বাস ও মো. সুজন মাহামুদকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, 'চোরাই মোবাইল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.