
গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক মো. মাজেদুর রহমান।
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুহাঃ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।
এসময় আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া, কৃতি শিক্ষার্থী মোছাঃ সাদিয়া তাবাসসুম লগ্ম, ঈসা আহমাদ আতিক প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে সুন্দরগঞ্জ উপজেলার চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.