
‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলা জুলাই যোদ্ধাদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফারুক আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালী। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও জলঢাকা উপজেলা যুবদলের সদস্যসচিব শাহিনুর হক বাবু। বিশেষ বক্তা ছিলেন আব্দুর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে আমজাদ হোসেন, আমিনুর রহমান, ইউনুস আলী, মমিনুর রহমান সিনিয়র, রেজাউল ইসলাম, শাহিন চৌধুরী, মমতাজুল ইসলাম (মিঠু)সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফারুক ছোট (বাবু) ও আবু তরাব ইমন।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন, ‘আমরা কোনো সময় বিশৃঙ্খলা চাই না। তারেক রহমান আমাদের শান্তি ও শৃঙ্খলার সঙ্গে দেশ পরিচালনার শিক্ষা দিয়েছেন।’ তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
প্রধান বক্তা শাহিনুর হক বাবু বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস মনে রাখতে হবে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরেন। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আসুন, আমরা হাতে হাত রেখে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলি।’
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
অনুষ্ঠানে আব্দুর রশীদ, মমিনুর রহমান সিনিয়রসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.