
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভ্রাম্যমাণ অভিযানে ২২টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়া বাজারে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে। অভিযানে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানকালে বাজার থেকে মোট ৯ দশমিক ৬ কেজি ওজনের ২২টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। বাংলাদেশে দেশীয় জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ মাছের চাষ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। জব্দ করা মাছ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির উপস্থিতিতে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০' অনুযায়ী একটি এতিমখানায় বিতরণ করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, 'দেশীয় জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, ক্রয়-বিক্রয় ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের বেচাকেনা থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাই।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.