
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. ইসমাইল হোসেন, মৃত আহম্মদ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক, মৃত আব্দুল আজিজের ছেলে মো. আনিছুর রহমান, মৃত ময়জাল হকের ছেলে মো. রফিকুল ইসলাম, গোবিন্দপুর নলডাঙ্গা গ্রামের শেখ মো. হযরত আলীর ছেলে মো. আলমগীর কবির, মারিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. রাজা মিয়া, মৃত ওমর আলী প্রধানের ছেলে মো. আনিছুর রহমান, বাদশা মিয়ার ছেলে মো. শাহারুল ইসলাম এবং মৃত কোরবান আলী বাদশার ছেলে মো. সামিউল আলিম খোকন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজারে শফিকুল ইসলামের টেইলার্স দোকানে অভিযান চালানো হয়। এ সময় টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'জুয়ার আসরের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.