
র্যাব-১৫-এর তৎকালীন অধিনায়ক খাইরুল ইসলামের অমানবিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে হুমকি প্রদান করা হয়েছে। গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বরধারী ব্যক্তি হুমকি দেওয়ার সময় নিজেকে সিও খাইরুলের আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান করেন। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন, কক্সবাজারে পেশাদারিত্ব এবং দায়িত্বশীল সাংবাদিক ইমাম খাইরকে যেভাবে তৎকালীন অধিনায়ক খায়রুল ইসলাম গ্রেফতারের জন্য গভীর রাতে বাসায় হানা দিয়েছিলেন, যা একজন মোস্ট ওয়ান্টেড আসামি ধরার ক্ষেত্রেও শোনা যায়নি। অধিনায়কের এ কাজটি চরম নিন্দনীয় এবং পেশার সুনাম নষ্টের সামিল।
ভুক্তভোগী সাংবাদিক খাইর বিএমএসএফকে জানিয়েছেন, ঐদিন রাত ৩টার দিকে তার বাসার সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে এলাকাবাসিকে ভীতসন্ত্রস্ত করে তোলেন। তারা বড় আকারে আমার ছবি প্রিন্ট করে পথচারীদের ধরে ধরে ছবি দেখিয়ে বাসা কোনটা জানতে চায়। এলাকাবাসীর ফোনে আমি আতঙ্কিত হয়ে বাসা থেকে পালিয়ে আত্মরক্ষা চালাই।
এদিকে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় গত ২৯ জুলাই ইমাম খাইর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (যার নম্বর: ১৯৬৮/২৬)। ঐ জিডিতে তিনি নিজের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন।
ইমাম খাইর কক্সবাজার প্রেসক্লাবের সদস্য। তিনি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। তাছাড়া পরিবেশ ও মানবাধিকার সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.