
গাইবান্ধার সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে জেলার বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫)-এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলো।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনাময় খাত, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সংকট এবং সেগুলো উত্তরণে প্রয়োজনীয় করণীয় তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন, জেলার সম্ভাবনাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মমতাজ আলো।
এদিকে জেলা প্রশাসনের সভা শেষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় অংশ নেন মমতাজ আলো। এ সময় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনও উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৮ ও ২৯ জুলাই সংসদ সদস্য মমতাজ আলো ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.