
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের আব্দুল ওয়ারেছের ছেলে তোরা আলী (২৬) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তারা মিয়া (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, 'মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.