
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় সংকটে শ্রমিকরাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজিত শ্রমিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। অথচ শ্রমজীবী মানুষ এখনও ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
আতিকুর রহমান আরও বলেন, ‘দেশপ্রেমের প্রশ্নে শ্রমিকরা কখনও পিছিয়ে থাকেননি। দেশের প্রয়োজনে শ্রমিকরা সবসময় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে প্রায় তিনশ শ্রমিক প্রাণ দিয়েছেন, যা জাতি কখনও ভুলবে না।’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. নুরুন্নবী প্রধানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবুল হাসান মো. নয়া মিয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মো. গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাংগঠনিক সেক্রেটারি ড. মো. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা ডা. মো. আব্দুর রহিম সরকার, সহকারী অঞ্চল পরিচালক মো. আবুল হোসেন বাদল প্রমুখ।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে শ্রমিকবান্ধব সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.