
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, 'অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে।'
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের জড়িত বিভিন্ন হত্যাকাণ্ড জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই শত শত নেতাকর্মী নিহত হয়েছেন। এসব সংঘাতের ফলে অনেক মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।'
এর আগে হেলিকপ্টারযোগে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান ছাত্রশিবির সভাপতি। পরে তিনি বোনারপাড়া সরকারি কবরস্থানে গিয়ে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হামলায় আহত জামায়াতকর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। ওই ঘটনায় গুরুতর আহত জামায়াতকর্মী সালাউদ্দিন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.