
গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার উজ্জল মিয়া গাইবান্ধা সদর উপজেলার কাউন্সিলর বাজার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ী মধ্যপাড়া এলাকায় লাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মো. উজ্জল মিয়াকে আটক করা হয়।
পরে আইনানুগ তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো পোটলা থেকে ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.