
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছেন।
রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহ জামাল মিয়া উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাহ জামাল নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তার ভাতিজা গোলাম হোসেন সেখানে গিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত পালিয়ে যান।
স্বজনদের দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে তিনি নিজের স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করেছিলেন। এরপর থেকে তার স্ত্রী ঢাকায় অবস্থান করছেন। গোলাম হোসেনের অনিয়ন্ত্রিত আচরণ নিয়ে শাহ জামাল প্রায়ই তাকে শাসন করতেন। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.