
'পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন প্রমূখ। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখন থেকেই পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। মাটি, পানি ও বায়ু দূষণমুক্ত রাখতে পারলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এজন্য বেশি বেশি গাছ লাগানো এবং নির্বিচারে গাছ কাটা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপজেলার ধুমাইটারী ফাজিল ডিগ্রি মাদরাসা ও মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.