
চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবলের গোলপোস্ট ভেঙে গুরুতর আহত হওয়া এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
নিহত মো. এনায়েত উল্লাহ (১০) সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বাড়ির পশ্চিম পাশে একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল এনায়েত। খেলার একপর্যায়ে সে গোলপোস্টে ঝুলে পড়লে সেটি হঠাৎ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
নিহতের বড় বোন আফিফা আক্তার জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এনায়েতকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে টানা কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এনায়েতের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এ বিষয়ে সাতকানিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সানা উল্লাহ বলেন, গোলপোস্ট ভেঙে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন টার্ফ ও খেলার মাঠে ব্যবহৃত গোলপোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। অবহেলা ও ত্রুটিপূর্ণ অবকাঠামোর কারণে যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.