
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। তিনি সৌদি আরব প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই নাস্তা করেন নয়ন। এরপর সকাল আনুমানিক ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের একটি কচুক্ষেতে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, বাড়িতে থাকা শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছে।
খবর পেয়ে শাশুড়ি দ্রুত ঘরে প্রবেশ করলে দেখতে পান, পুত্রবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তাৎক্ষণিকভাবে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গৃহবধূ এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনি কার্যক্রম শুরু করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এক বছরের শিশুকে এত অল্প বয়সে মাকে হারাতে হওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর সহানুভূতির সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.