
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তারা বলেন, সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করে আসছে। এ ধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক ও অনভিপ্রেত।
বক্তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে বিতর্কিত বা অবমাননাকর মন্তব্য কাম্য নয়।
সমাবেশে বক্তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা এ কর্মসূচির আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.