
জুলাই চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, 'নির্মূলের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিজেই নির্মূল হয়ে গেছে। জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপসহীন ভূমিকা পালন করে যাব।'
তিনি বলেন, 'বিএনপি নির্বাচনের আগে বিচারের আশ্বাস দিলেও ক্ষমতায় গিয়ে সুর পাল্টে ফেলেছে। বাংলাদেশ বারবার বিপ্লবের সাক্ষী। এদেশের মানুষ বিপ্লবী। জনগণ রাজপথে নামলে কোনো সরকারই টিকতে পারে না।'

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, 'জুলাইয়ের চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার যদি ফ্যাসিবাদের পথে হাঁটে, তাহলে সেই পথ থেকে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে।'
আমীরে জামায়াত আরও বলেন, 'আওয়ামী লীগের আমলে সংঘটিত প্রতিটি গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারো প্রতি প্রতিশোধ নয়, আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়।'
তিনি বলেন, 'সরকার যদি ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিদায়ের পথ বেছে নেওয়া উচিত। জনগণ বিচারহীনতা মেনে নেবে না।'
সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.