
লালমনিরহাটের পাটগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বদরুল আলম মজুমদার নামে এক ব্যক্তি।
শনিবার (২১ জুন) পাটগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে বদরুল আলম মজুমদার বলেন, তিনি নুরুন্নবী ইসলামের কাছ থেকে মোট ১২ দশমিক ৩১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমির মধ্যে উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের কাছে ২ শতাংশ, নজরুল ইসলাম রবিনের কাছে ৩ শতাংশ এবং আবুল কালাম আজাদের কাছে ৪ শতাংশ জমি বিক্রি করেন। বর্তমানে অবশিষ্ট ৩ দশমিক ৩১ শতাংশ জমি তার মালিকানাধীন ও দখলে রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, রসুলগঞ্জ মৌজার বিএস খতিয়ান নং-১৬৬, মিউটেশন খতিয়ান নং-২৬৯১ এবং বিএস দাগ নং-৩০৪৩ এর আওতাভুক্ত ৩ দশমিক ৩১ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আদালত ১৪৪ ধারা জারি করেন।
অভিযোগ করে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আনারুল ইসলাম নাজুর কন্যা আফরোজ আক্তার ও তার সহযোগীরা জোরপূর্বক জমিতে বেড়া দিয়ে দখল করে রেখেছেন। এ ঘটনাকে তিনি আদালতের নির্দেশের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বদরুল আলম মজুমদার প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— আদালতের ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং তার ক্রয়কৃত জমি নির্বিঘ্নে ভোগদখলের নিশ্চয়তা প্রদান।
তিনি বলেন, “আমি কোনো বিশৃঙ্খলা চাই না, আমি শুধু আইনের সুরক্ষা চাই। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.