
গাইবান্ধা সদর উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শাকিল মিয়া সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাগুয়া সরকারপাড়া গ্রামের মৃত সাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানকালে উত্তর ঘাগুয়া সরকারপাড়া এলাকায় শাকিল মিয়ার বসতবাড়ির পশ্চিম দুয়ারি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.