
গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাশেম বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মাদক ও জুয়ার বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, খোলাহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. রাজু আহমেদ কিনু, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি রুম্মান ফেরদৌস, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ও হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ এসবের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। তাই এসব অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে মাদক ও জুয়ার বিস্তার রোধ করা সম্ভব। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.