
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গরুর গুঁতোয় নবির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবির হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নবির হোসেন তার বাড়ির পাশের বিলে গরু ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে গরুর গুঁতোয় গুরুতর আহত হওয়ার পর নবির হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.