
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যা মামলার প্রধান আসামি শ্রী প্রভাষ কিসকোকে (৩৫) রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (১৫ জুন) দুপুরে র্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত প্রভাষ কিসকো গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের মৃত খারিয়া কিসকোর ছেলে।
র্যাব জানায়, গত ৫ জুন জুমার নামাজ শেষে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন মমতাজ আলী। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রভাষ কিসকো পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু সাঈদ বাদী হয়ে গত ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রভাষ কিসকোকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.