
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
একই সঙ্গে জেলার সাতটি উপজেলা ও প্রতিটি ইউনিয়ন পর্যায়েও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এ. হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকহারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ‘বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও জানান, চলতি অর্থবছরে গাইবান্ধা জেলায় প্রায় ১৭ হাজার ৪৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জারুল ও কৃষ্ণচূড়া গাছের দুটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এসময় উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবেশবান্ধব সমাজ গঠনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.