
গাইবান্ধা সদরের ত্রিমোহনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৮) নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৮ জুন) বিকেলে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সড়কে আসবাবপত্র ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা গাইবান্ধা-সাঘাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এর আগে, সদর উপজেলার ত্রিমোহনীর পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিত (২০) এবং একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে রাকিবের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন গুরুতর আহত হন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার বড় ভাই রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে দুই নারীকে আটক করেছে পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গতকাল রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদরকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে রুমনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.