
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা গ্রামে এক অসহায় নারীর জমি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা গ্রহণ করা হয়নি।
সোমবার (৮ জুন) গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন সানজিদা শেলী শাপলা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা মৌজায় তিনি ও তাঁর স্বামী আশরাফুল ইসলাম ২০১৪ সালে যৌথভাবে পাঁচ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে আড়াই শতক জমির ওপর তিনি চারতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা ভবন নির্মাণ করে দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছিলেন।
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে পরবর্তীতে তিনি তাঁর অংশের আড়াই শতক জমি দুই সন্তানের নামে রেজিস্ট্রি করে দেন। এরপর থেকেই পারিবারিক বিরোধ আরও জটিল হয়।
ভুক্তভোগীর অভিযোগ, এই পরিস্থিতিতে একই এলাকার জিল্লুর রহমান, যিনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন, তাঁদের পারিবারিক বিষয়ে প্রভাব বিস্তার করে জমি দখলের চেষ্টা চালান।
তিনি আরও অভিযোগ করেন, পবিত্র ঈদুল আজহার আগের দিন ২৭ মে ভোরে জিল্লুর রহমানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে ও তাঁর দুই সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পর থেকে তিনি দুই সন্তান নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান।
তিনি দাবি করেন, এ ঘটনায় সাঘাটা থানায় একাধিক লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সন্তানদের সম্পত্তির অধিকার নিশ্চিত এবং নিজ বাড়িতে নিরাপদে ফেরার দাবি জানান। সংবাদ সম্মেলনে তাঁর দুই সন্তান উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.