
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যম কুমেদপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (৫৫), একই ইউনিয়নের কাজল ঢোপ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে লাল মিয়া (৫২) এবং সাদুল্লাপুর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর (ভাঙা স্কুল) এলাকার জিহাদ আলীর ছেলে শাহদাৎ হোসেন শাহে (২৯)।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় জুয়ার বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮ থেকে ৯ জন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়ারী আটক করা হয়। পরে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.