
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং সংগঠিত মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসঙ্গে পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছ বিতরণ কর্মসূচিও পালন করা হয়।
শনিবার (৬ জুন) সকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থীদের সংগঠন ‘Students Excellence Network Sundarganj’ (SENS)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। সহজলভ্য মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, মাদক এখন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
এতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শাওন, মো. মাহফুজ বসুনিয়া, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাসুদ রানা প্রমুখ।
বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা, মাদক ব্যবসার মূল হোতা ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নৈশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ।
পরে সংগঠনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ‘দেশপ্রেম শুধু মুখের কথা নয়, একটি গাছ রোপণও দেশপ্রেমের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নেতারা বলেন, তারা LEARN, LEAD, SERVE, SUCCEED এই মূলমন্ত্র ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করছেন। একটি গাছ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.