
ঈদুল আজহা উপলক্ষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বনশ্রী পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ৮ হাজার ৪০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত রাতে উপজেলার ধাপেরহাট ভূমি অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
জানা যায়, ঈদকে সামনে রেখে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনশ্রী পরিবহনের একটি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে পরিবহন কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা মোট ৮ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, ‘ধাপেরহাট থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৮০০ টাকার বেশি নয়। এর চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীরা দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।’
তিনি আরও বলেন, যাত্রীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং পরিবহন খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.