
পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতু উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও কাজের মান নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ মীরজাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এ সময় কাজের মান নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে, কিন্তু দুই পাশে যাতায়াতের মতো রাস্তা নেই। সাড়ে পাঁচ কোটি টাকার প্রকল্পে এমন অবস্থা হতাশাজনক। আগে জানলে এখানে উদ্বোধনে আসতাম না।
তিনি আরও বলেন, ব্রিজের সঙ্গে সংযোগ সড়কের সমন্বয় না থাকা এবং নির্মাণে অনিয়ম স্পষ্ট। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এর আগে সকালে প্রতিমন্ত্রী বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.