
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। এলাকাবাসীর কাছে বাড়িটি ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত।
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এসব বস্তার পাশাপাশি ওই বাড়ি থেকে আরও ২৪টি খালি সরকারি বস্তাও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জন্য বরাদ্দকৃত এই চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে সরকারি চালগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা উপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা চক্র জেলেদের জন্য বরাদ্দকৃত চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুদ করার ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.