
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বড় ভাইও।
শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মারাইরহাট গ্রামের রেজাউল ইসলামের ছেলে শিফাত (১৮) ও স্বচ্ছ (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের তিস্তা নদীতে গোসল করতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন বড় ভাই শিফাত। তবে স্রোতের তীব্রতায় দুজনই পানিতে নিখোঁজ হয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধাঘণ্টা পর দুই ভাইকে নদী থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.